দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে রয়েছেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, মঙ্গলবার সকাল ১১টায় নির্ধারিত বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।
প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। এ লক্ষ্যে সোমবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(২) ও ৫(৩) ধারার বিধান অনুসারে স্পিকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন কমিশন সরকারি গেজেটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
চিঠিতে আরও বলা হয়েছে, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। পাশাপাশি ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে উপস্থিত থাকবেন।

