সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে একাধিক ড্রোন হামলার চেষ্টা হয়েছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত কয়েক ঘণ্টায় ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলাগুলো ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে এবং এর পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দেশের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের পূর্ণ অধিকার রয়েছে। পাশাপাশি উপযুক্ত সময় ও পরিস্থিতিতে এ হামলার জবাব দেওয়ার অধিকারও দেশটি সংরক্ষণ করে।
এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে হামলার উৎসের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকারও সৌদি আরবের রয়েছে বলে উল্লেখ করা হয়।
রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যাতে ইরাকের ভূখণ্ড কোনোভাবেই সৌদি আরবের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তবে সৌদি আরবের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

