নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের রূপকার। তাই হীনম্মন্যতা ঝেড়ে ফেলে নিজেদের দক্ষ ও সক্ষম করে তুলতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজারো শিক্ষার্থীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে বর্তমান প্রজন্মের কাঁধে। এখান থেকেই আগামী দিনের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী ও বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজেকে কখনো ছোট মনে করবে না। তুমি যত বেশি নিজেকে যোগ্য করে তুলবে, তত সুন্দরভাবে বাংলাদেশকেও গড়ে তুলতে পারবে।”
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতিও বিশেষ আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া অর্জন ও সম্ভাবনার খবর গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা উচিত, যাতে শিশু-কিশোররা আরও উৎসাহিত হয়।
দেশের শিক্ষা খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধা নেই। তবে এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা দেশের উন্নয়ন ও গঠনে ভূমিকা রাখতে প্রস্তুত কি না। গ্যালারিতে উপস্থিত হাজারো শিক্ষার্থী একযোগে হাত তুলে সম্মতি জানালে প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি পরিবেশ সংরক্ষণেও শিশু-কিশোরদের সচেতন হওয়ার আহ্বান জানান। যত্রতত্র প্লাস্টিক বা আবর্জনা না ফেলা, নদী-খাল পরিচ্ছন্ন রাখা এবং প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
শিশুদের সার্বিক বিকাশে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা পড়াশোনা, সংগীত, চিত্রকলা কিংবা খেলাধুলায় ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করবে।
খুদে ক্রীড়াবিদদের এই পর্যায়ে নিয়ে আসতে অভিভাবক, শিক্ষক ও কোচদের অবদানেরও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল ও আর্থিক পুরস্কারের চেক বিতরণ করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বক্তব্য দেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, প্রতিমন্ত্রী মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। আটটি ডিসিপ্লিনে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় এক লাখ ৭০ হাজার শিশু-কিশোর অংশ নেয়। আঞ্চলিক বাছাই শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

