ভারতজুড়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন করা হয়নি।
সোমবার (২৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার না করা হলে মঙ্গলবার থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনের অন্যতম দাবি পূরণ হওয়ায় দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজেপি।
তবে সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিতে আন্দোলনে সহায়তাকারী স্বেচ্ছাসেবকদেরও আটক করা হয়েছে এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আবারও রাজপথে গড়াবে।
সিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, আলোচনার সময় সরকারের দেওয়া প্রতিশ্রুতির লিখিত নিশ্চয়তা আগামীকালের মধ্যে দিতে হবে।
এর আগে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সংগঠনটি জানিয়েছিল, নিট পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।

