ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে খাল পুনরুদ্ধার, পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং পরিবেশের সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জিরানী খালসংলগ্ন এলাকায় চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ তৈরির প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্টদের চলতি শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।
জিরানী খালের একাংশ পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, সরকার মুখে বড় বড় প্রতিশ্রুতি না দিয়ে ঢাকাকে বাস্তব অর্থে বাসযোগ্য করে তুলতে চায়। প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন পরিবেশ ও জলাবদ্ধতামুক্ত একটি বাসযোগ্য ঢাকা চান বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মান্ডা, জিরানী, শ্যামপুর ও কালুনগর খালের কাজ এমন পর্যায়ে নিতে হবে, যাতে এসব খাল পানিনিষ্কাশনের পাশাপাশি মানুষের ব্যবহারের উপযোগী হয়। খাল পরিষ্কারের পাশাপাশি পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং মানুষের হাঁটার জায়গা তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, চারটি খালের প্রকল্পের কাজ বর্তমানে প্রায় ১৭ থেকে ১৮ শতাংশ এগিয়েছে। শুষ্ক মৌসুমে কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খালের ভেতর ও পাড়ে অবৈধ দখল চিহ্নিত করে সরকারি জায়গা উদ্ধারে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার চারপাশের নদীগুলোতেও পানিপ্রবাহ ও নৌ চলাচল ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান তিনি। নদীতে বর্জ্য ফেলা বন্ধ এবং পয়োবর্জ্য শোধনের ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, এসব কাজ সরকার একা সম্পন্ন করতে পারবে না। পাশাপাশি সরকারের কোনো ব্যর্থতা থাকলে তার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।








