বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চুরির অপবাদে অনিক সরদার নামে এক ব্যক্তিকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নির্যাতনের শিকার অনিকের চতুর্থ শ্রেণির মেয়ে তুবা বিনতে অরণি বাবার জন্য কাঁদতে কাঁদতে বলেছে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় দেয় ছোট্ট তুবা। এ সময় বাবার সঙ্গে অন্যায় কিছু না হওয়ার এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসার জন্য পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
তুবার ভাষ্য অনুযায়ী, ভোররাতে এক ছেলে তাদের বাড়িতে এসে জানায়, তার বাবাকে আটকে মারধর করা হচ্ছে। পরে তুবা, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অনিককে বেঁধে রাখা হয়েছে এবং কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর করছেন। তখন তুবা বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। পরে একজন চা ও রুটি দিলে তুবা নিজ হাতে বাবাকে তা খাওয়ায়।
অনিক সরদারের অভিযোগ, জমি ও পূর্বশত্রুতার বিরোধের জেরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তার দাবি, তার কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার করা হয়নি এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণও দেখানো হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ সময় তার পরিবারের ভরণপোষণ ও প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে বলে জানানো হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ঘটনাটি নিয়ে মানুষ বিভিন্ন বিষয় দেখলেও ছোট মেয়েটির বাবার প্রতি ভালোবাসার বিষয়টি সবার নজর কেড়েছে।








