ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে প্রতিবাদ করেন। এ সময় এক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রদর্শিত ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ যুদ্ধবিমানের ওপর উঠে যান। আরও কয়েকজন শিক্ষার্থী একটি সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে স্লোগান দেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাত প্রায় একটার দিকে ছাত্রী হোস্টেলের কাছে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর হোস্টেলে থাকা এক ছাত্রীকে এক বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেছেন। ওই ব্যক্তি প্লাম্বার বা নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়। বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
তবে ধর্ষণের অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
বিক্ষোভ চলাকালে ক্যাম্পাসে ব্যাপক জমায়েত ও স্লোগানের পাশাপাশি কিছু স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর, একটি ভবনের অংশে আগুন এবং কয়েকটি দোকানে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যায়। পরে শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
জলন্ধর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক নবীন সিংলা জানান, অভিযোগকারী ছাত্রীর বক্তব্য নেওয়া হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে। এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিকা গুলাটি অভিযোগকে ভিত্তিহীন গুজব হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী ও অভিভাবকদের যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন।








