দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
ব্যবসায়ীদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক মূল্য সংশোধনের প্রভাবেই দেশের বাজারে নতুন করে দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ১৯০ ডলারে নেমে এসেছে।
গোল্ডপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, একদিনে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮০ ডলার কমেছে। গত এক মাসে দর কমেছে প্রায় ১৫০ ডলার।
চলতি বছরের শুরুতে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বেড়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ওপরে উঠেছিল। পরে বাজারে মূল্য সংশোধন শুরু হলে এর প্রভাব পড়ছে বাংলাদেশের স্বর্ণের বাজারেও।










