ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ঐতিহ্যবাহী শাহী মসজিদের কিছু অংশ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মসজিদের অংশবিশেষ উচ্ছেদে বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
২০২৮ সালের সিংহস্থ মেলাকে সামনে রেখে উজ্জয়িনী শহরের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় ২৭২টি স্থাপনা উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী শাহী মসজিদের প্রার্থনাকক্ষ, একটি মিনার ও সংলগ্ন কিছু অংশ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়।
মসজিদ উচ্ছেদের বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক পর্যায়েও বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি এর প্রতিবাদ জানিয়ে বিকল্প জমি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ঐতিহাসিক স্থাপনাটি রক্ষার জন্য অন্য ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে উজ্জয়িনী পৌর কর্পোরেশনের চেয়ারম্যান কলাবতী যাদবের বক্তব্য, সিংহস্থ মেলায় বিপুলসংখ্যক তীর্থযাত্রীর যাতায়াত সহজ করতে সড়ক প্রশস্তকরণ ও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। এ কারণেই উচ্ছেদ কার্যক্রম নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মসজিদ উচ্ছেদ নিয়ে আদালতে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।










