চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আট থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল একযোগে এ অভিযান পরিচালনা করে। রাত ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।
পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনা এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চাঁদপুর সদর থেকে ৩৫ জন, হাইমচর থেকে ৪৮ জন, ফরিদগঞ্জ থেকে ৪১ জন, হাজীগঞ্জ থেকে ৩৭ জন, কচুয়া থেকে ৬২ জন, শাহরাস্তি থেকে ৪৫ জন, মতলব উত্তর থেকে ৫২ জন এবং মতলব দক্ষিণ থেকে ৩৬ জনকে আটক করা হয়। এর বাইরে ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ বা সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আপাতত অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ১৫ জনের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি কিশোরদের বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।










