বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করা, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর বাণিজ্য এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে মানসম্মত ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। একই সঙ্গে পাকিস্তানের উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসায় দুই দেশের সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস) বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী।
এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সরাসরি কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।










