ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অবশেষে জমা দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের কাছে সিলগালা খামে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ, ঘটনায় কারও গাফিলতি থাকলে তা শনাক্ত করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রতিবেদনে দেওয়া সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে অগ্নিকাণ্ডের দিন রাতে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তবে কমিটিতে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের দুই কর্মকর্তাকে রাখায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার পর আগের কমিটি বাতিল করে ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। নতুন কমিটি থেকে গণপূর্ত বিভাগের ওই দুই কর্মকর্তাকে বাদ দেওয়া হয়।
ঘটনাটি ঘটে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফট কন্ট্রোল রুমে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত গরমের কারণে সেখানে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের সঙ্গে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালে আতঙ্ক তৈরি হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য প্রকাশিত হলেও পরে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ দুইজনের মৃত্যুর কথা নিশ্চিত করে। ঘটনার পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দুই দফায় বাড়ানো হয়। প্রথমে ২০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত শেষ না হওয়ায় পাঁচ কার্যদিবস সময় বাড়ানো হয়। পরে আরও তিন কার্যদিবস সময় বাড়ানোর পর সোমবার প্রতিবেদনটি জমা দেওয়া হলো।









