জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয় ছাত্রশক্তি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শুভেচ্ছা মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা হলে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তবে নিজের মন্তব্যের ব্যাখ্যায় রাব্বি হোসেন দাবি করেছেন, তিনি ‘শুভ জন্মদিন আপা’ কথাটি ব্যঙ্গাত্মক অর্থে লিখেছিলেন। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছেন। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম জানিয়েছেন, বিষয়টি জানার পর শিক্ষার্থীরা রাব্বি হোসেনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।









