তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলটির প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে রাজ্যে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পরিকল্পনার কথা জানানো হয়।
পশ্চিমবঙ্গের টিভিকে কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, আপাতত তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করাই এখন দলের প্রধান লক্ষ্য। বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় মানুষের সমস্যাগুলো জানার পাশাপাশি ধাপে ধাপে সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে দলটি অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চৈতালি রায়ের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে মানুষের মতামত এবং দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে।
তামিলনাড়ুতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এবার পশ্চিমবঙ্গে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে টিভিকে নতুন একটি রাজ্যে সংগঠন বিস্তারের উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গে দলটির এই কার্যক্রম ভবিষ্যতে কীভাবে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।









