দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে সহিংসতার ঘটনায় জরুরি অবতরণ করতে হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ১৮০ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করা ফ্লাইটটি পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় পাইলট ও সহকারী পাইলট আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। তাবুক বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।
ঘটনার পর বিমানটি প্রথমে ৭৭০০ স্কোয়াক কোড ব্যবহার করে জরুরি সংকেত পাঠায়। পরে সংকেত পরিবর্তন করে ৭৫০০ কোড দেওয়া হয়, যা বিমানে বেআইনি হস্তক্ষেপ বা সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান পাঠায়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি ইসরায়েলের দিকে না গিয়ে জর্ডানের আকাশসীমার দিকে সরে যায়। পরে দিক পরিবর্তন করে সৌদি আরবের তাবুকের দিকে যায় এবং সেখানে জরুরি অবতরণ করে।
প্রতিবেদন অনুযায়ী, জরুরি সংকেত পাঠানোর আগে বিমানটি মাত্র দুই মিনিটে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়। ঘটনাটির প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের কথা বলা হলেও, ইসরায়েলি কর্তৃপক্ষ সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়টিও পুরোপুরি বাদ দিচ্ছে না।
যাত্রীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এক পর্যায়ে একজন পাইলট অন্যজনকে ছুরিকাঘাত করেন। ককপিটের দরজা খোলার পর সেখানে রক্ত দেখতে পান কয়েকজন যাত্রী। পরে যাত্রী ও ক্রুদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানে থাকা দুজন যাত্রী পাইলট পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন এবং পরবর্তীতে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবে জরুরি অবতরণে সহযোগিতা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।










