২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেছেন, আইনের প্রতি তার বিশ্বাস রয়েছে এবং প্রয়োজন হলে তিনি আরও কয়েকবার আদালতে আসবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিন বর্ধিতের আবেদন ও চার্জগঠন শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা।
তিনি বলেন, ‘আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসা হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।’
তানজিন তিশা আরও বলেন, অনেকে হয়তো প্রশ্ন করেন, তিনি কেন বারবার আদালতে আসছেন। তবে আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস থেকেই তিনি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানান।
তার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তার আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম।
এ ঘটনায় ২০২৫ সালে আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এরপর প্রতিবেদনটি আমলে নিয়ে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
তবে তানজিন তিশা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। এর আগে তিনি দাবি করেছিলেন, শাড়ি আত্মসাৎ বা প্রতারণার মতো কোনো ঘটনা ঘটেনি এবং মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।










