দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৮৯০ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে ডেঙ্গুর প্রকোপ প্রতিবছরই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
চলতি বছরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ তৈরি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে প্রতিদিন নতুন রোগী ভর্তি ও মৃত্যুর তথ্য উঠে আসছে।










