বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তায়িফা সুলতানা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল সে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তায়িফার সন্ধান না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে পুলিশ শিশুটির নিখোঁজের বিষয়টি তদন্তে নামে।
পুলিশ জানায়, ইলিয়াস খানের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নার্গিস সুলতানাকে শিশু তায়িফাকে তার কক্ষে নিয়ে যেতে দেখা যায়। এরপর সন্দেহের ভিত্তিতে নার্গিসের কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে একটি বাক্সের ভেতর থেকে তায়িফার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি বলে জানানো হয়েছে।
পরিবারের এক সদস্যের দাবি, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নার্গিস তার ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা এ ঘটনায় স্তম্ভিত। ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে পরিবারের ওই সদস্য ধারণা করলেও বিষয়টি এখনো তদন্তাধীন।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে বাক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।










