রাজধানী ঢাকায় পানির সরবরাহ বাড়াতে পদ্মা নদী থেকে প্রতিদিন অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা বর্তমানে প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে আসে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে পদ্মা থেকে পানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পুষ্টি, শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথও করানো হয়।










