দুই সপ্তাহের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় আন্দোলনের তীব্রতা ও বিদ্যালয় অবরোধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার দেশটির ৩ হাজার ৭০০ উচ্চবিদ্যালয়ের মধ্যে ৪১টিতে অবরোধের খবর পাওয়া গেছে, যা মোট বিদ্যালয়ের প্রায় ১ শতাংশ।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্যারিস, মার্সেই ও রেন শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অবরোধের চেষ্টা করেন। ছুটি শুরুর আগে দেশজুড়ে শত শত বিদ্যালয় অবরুদ্ধ হলেও এবার আন্দোলনের পরিসর তুলনামূলকভাবে সীমিত।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, বর্তমানে অবরোধ কিংবা অবরোধের চেষ্টা খুবই সীমিত পর্যায়ে রয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার থাকলেও বিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া বেআইনি। বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাবর্ষ ঝুঁকির মুখে পড়তে পারে, এমন পরিস্থিতি সরকার মেনে নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
গত সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। গত মাসে শিক্ষার দাবির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবায় বরাদ্দ কমানোর প্রতিবাদও আন্দোলনে যুক্ত হয়। শ্রমিক সংগঠন ও অধিকারকর্মীরাও এতে অংশ নেন। কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, দাঙ্গা ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সংখ্যালঘু সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে পুরোনো বিদ্যালয় ভবন সংস্কার, শিক্ষকসংখ্যা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য তৈরি করে এমন ভর্তি পদ্ধতি বাতিল।
আন্দোলনের মুখে গত সপ্তাহে সরকার ২০২৮ সালের মধ্যে পারকুরসুপ বিশ্ববিদ্যালয় ভর্তি প্ল্যাটফর্মে ধাপে ধাপে পরিবর্তনের ঘোষণা দেয়। পাশাপাশি শিক্ষা খাতে পরিকল্পিত কর্মী ছাঁটাই বাতিল, ৫০০টি নতুন পদ সৃষ্টি এবং উচ্চবিদ্যালয়ের প্রথম বর্ষে প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিদ্যালয় সংস্কারে ৪০০ কোটি ইউরো বরাদ্দ এবং উচ্চশিক্ষায় ১৫ হাজার নতুন আসন তৈরির ঘোষণাও আসে।
তবে শিক্ষার্থী প্রতিনিধিরা এসব উদ্যোগকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছেন। কয়েকটি ছাত্রসংগঠন মঙ্গলবার ও বৃহস্পতিবার নতুন করে অবরোধের ডাক দিয়েছে। শিক্ষার্থী ইউনিয়ন ইউএনইএফ বিশ্ববিদ্যালয়গুলোতে মঙ্গলবার ‘কালো দিবস’ পালনের আহ্বান জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা










