নোট ও গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুমোদনহীনভাবে বিপুলসংখ্যক গাইড বই ছাপানোর ক্ষেত্রে এবার ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, গাইড বইয়ের প্রকাশকদের সতর্ক থাকতে হবে। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার ধরা পড়বেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু সনদ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি। বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য।
তিনি বলেন, নানা কারণে অনেকের শিক্ষাজীবন মাঝপথে থেমে যায়। তাদের আবার পড়াশোনায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সুযোগ তৈরি করতে হবে। বয়স বা অনিয়মিত শিক্ষাজীবন যেন শিক্ষার পথে বাধা না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বও তুলে ধরেন তিনি। এ খাতে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চীনের সঙ্গে ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।









