রাজবাড়ীতে স্বামীর দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। তানিয়া বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তানিয়ার বিয়ে হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ব্যাংকে জমা রাখার জন্য স্বামী সাখাওয়াত হোসেন তানিয়াকে ছয় লাখ টাকা দেন। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি নিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাখাওয়াত হোসেন রাজবাড়ী সদর আমলি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। পরে তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি আপসের শর্তে জামিন পেলেও শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তানিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় আরেকটি মামলা করেন সাখাওয়াত হোসেন। ওই মামলায়ও আদালতের নির্দেশে তিনি কারাগারে যান এবং ১৬ দিন পর জামিনে মুক্তি পান। মামলাটি বর্তমানে বিচারাধীন।
বাদী সাখাওয়াত হোসেনের দাবি, বিয়ের পর থেকে তিনি যৌতুকের দাবিতে অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান জানান, আদালত ও লিগ্যাল এইডের মাধ্যমে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। এ কারণে আদালত তানিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।










