নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে শেখ আশফাকুর রহমানকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে। বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সৈয়দ আজাদ সুবহানী বর্তমানে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নিম্নতম মজুরি বোর্ডের বিদায়ী চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই সদস্যকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।
বোর্ড পুনর্গঠনের মাত্র তিন দিনের মাথায় চেয়ারম্যান পদে এই পরিবর্তন আনা হলো। নতুন চেয়ারম্যানের অধীনে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।








