আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতি বাড়ানোর লক্ষ্যে জাতীয় সংসদের ‘ই-পার্লামেন্ট’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় এবং একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কার্যক্রমে কাজের দ্বৈততা বা ওভারল্যাপিং রয়েছে কি না, তা যাচাই করতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।
উপকমিটির সদস্যরা হলেন সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। তাঁদের প্রকল্পের সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ, আন্না মিন্জসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সংসদের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সংসদীয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।










