বৈদেশিক মুদ্রার নিরাপদ সংরক্ষণ ও নগদ অর্থ পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সধারী মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো লাইসেন্সধারী মানি চেঞ্জারদের এ ধরনের হিসাব খোলার সুবিধা দিতে পারবে। এসব হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মানি চেঞ্জারদের ব্যবসার পরিমাণ ও লেনদেনের ধরনসংক্রান্ত নথিপত্রের ভিত্তিতে এসব হিসাবে নির্ধারিত সীমার বাইরেও নগদ বৈদেশিক মুদ্রা জমা দেওয়া যাবে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সধারী নিরাপদ নগদ অর্থ পরিবহনকারী প্রতিষ্ঠান ব্যবহার করতে হবে অথবা নিরাপত্তাবেষ্টিত পরিবহনের ব্যবস্থা করতে হবে।
দিনের শেষ দিকে জমা দেওয়া অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও সাময়িক ভল্টে অর্থ রাখার সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদিত প্রতিনিধিরা পর্যাপ্ত স্থিতি থাকা সাপেক্ষে চেক বা উত্তোলন স্লিপের মাধ্যমে হিসাব থেকে অর্থ তুলতে পারবেন।
তবে এসব হিসাবে ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়া যাবে না। একই সঙ্গে হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স কিংবা তৃতীয় পক্ষের লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই নগদ বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ করা এবং নগদ অর্থ পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি কমানো।
সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস










