যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর হোয়াইট হাউসে এ নিয়ে আলোচনা শুরু হয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সামরিক নেতৃত্বের ভূমিকা এবং তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। এ পরিস্থিতিতে প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নামও উঠে এসেছে। তবে তাঁদের সম্ভাব্য ভূমিকা বা নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা প্রতিবেদনে জানানো হয়নি।
এদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গভর্নর হিসেবে তাঁর মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগে অন্তর্বর্তী সময়ে তাঁকে মনোনয়ন দিয়ে সিনেটে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
তবে প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ ধরনের পরিকল্পনার খবর নাকচ করেন। তিনি বলেন, হেগসেথ ‘খুব ভালো কাজ’ করছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও একই অবস্থান জানিয়ে বলেছেন, প্রেসিডেন্টের প্রতিরক্ষামন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রয়েছে।
এখন পর্যন্ত হেগসেথকে সরানো বা তাঁর পরিবর্তে কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা এবং প্রশাসনের প্রকাশ্য বক্তব্যের মধ্যে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।










