বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এ। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটির বিশেষ পর্বটি বাংলাদেশ সময় ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় সান বাংলায় প্রচারিত হবে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে শোটিতে অংশ নেন জয়া। অনুষ্ঠানে তিনি নাচ, গান ও আড্ডায় মাতিয়ে তুলবেন দর্শকদের। পাশাপাশি প্রতিযোগীদের জীবনসংগ্রামের গল্প শুনে তাদের উৎসাহও দেবেন। সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার প্রাণবন্ত কথোপকথন ও খুনসুটি পর্বটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। এদিকে, কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ইতিবাচক সাড়া পাচ্ছে।









