প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, মাত্র ছয় দিনের এই সফরে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন।
রোববার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে এসব কথা বলেন মাহদী আমিন।
স্ট্যাটাসে তিনি জানান, যুক্তরাষ্ট্রে যেতে একদিন এবং ফিরতে একদিন সময় লাগবে। এর মধ্যে চার দিন নিউইয়র্কে অবস্থান করে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন সফরসঙ্গী রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী। এ ছাড়া নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মাহদী আমিন তার বক্তব্যে বলেন, এই সফরের উদ্দেশ্য আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন নয়; বরং দেশের মানুষের জন্য কাজ করা এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। তিনি মনে করেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও সরকারের নীতি তুলে ধরার ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সফরের আরেকটি দিকও তুলে ধরেছেন মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
মাহদী আমিন আরও বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তনের পর নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং প্রধানমন্ত্রী জনগণের ম্যান্ডেট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
তার মতে, এই সফর কেবল একটি বিদেশ সফর বা জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, দেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি সুযোগ।









