নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে আবু হানিফ নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ফতুল্লার ইসদাইর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে ইসদাইর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাসার একটি কক্ষের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হলে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবু হানিফের মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অসুস্থতার কারণে আবু হানিফ কয়েক দিনের ছুটিতে ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজাউর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

