ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে তাকে সরকারি সম্পত্তি চুরির চেষ্টার মামলায় আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ফারুক দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় নতুন স্থাপন করা একটি এআই ক্যামেরার কাছে যান তিনি। একপর্যায়ে ক্যামেরাটিতে ওঠার চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান এবং তাকে আটক করেন।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে আটক করে। পরে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, ক্যামেরাটি চুরির উদ্দেশ্যেই ফারুক সেখানে গিয়েছিলেন কি না, সে বিষয়সহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মামলার পর ফারুককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বলেন, মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। এসব ক্যামেরা সরকারি সম্পদ এবং মহাসড়কের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলো সড়কের বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে সহায়তা করবে। তাই এসব সরকারি স্থাপনা রক্ষায় স্থানীয় বাসিন্দাসহ সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।










