কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে। নিহতদের পরিবার যাতে প্রয়োজনীয় সহায়তা পায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এর আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয় পুরুষ, দুই নারী ও এক শিশুসহ মোট নয়জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি আরও দুই হোটেলকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগুনের সূত্রপাত, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনায় কোনো অনিয়ম ছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখছে বিশেষ তদন্তকারী দল।
এদিকে সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশে এসে ভালো লাগার কথা ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।










