প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এরপর ভোট দেন ক্ষমতাসীন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
ভোট প্রদান শেষে মির্জা ফখরুল বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংসদ কক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রয়েছেন অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মির্জা ফখরুলের বিজয়ের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন ব্যালটে হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিচ্ছেন।
ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।










