দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতীয় সংসদে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনার কার্যক্রম শুরু হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শুরুর ঘোষণা দেন।
সিইসি জানান, ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তালিকাভুক্ত ছিলেন। ভোট গ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় শেষ হয়।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা আগে থেকেই জোরালো বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ ও গণনা অনুষ্ঠিত হচ্ছে।
গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে।










