দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সিইসির ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি।
কে কত ভোট পেলেন
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর — ২৫৫ ভোট
- অলি আহমদ — ৮৮ ভোট
- মোট ভোট — ৩৪৩টি
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
চার সংসদ সদস্য ভোট দেননি
রাষ্ট্রপতি নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও চারজন ভোটাধিকার প্রয়োগ করেননি।
তাদের মধ্যে তিনজন ভোটকেন্দ্রে উপস্থিত হননি। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
দুই প্রার্থীর লড়াই
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় শুরু থেকেই মির্জা ফখরুলের বিজয়ের সম্ভাবনা জোরালো ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও তার প্রতিফলন দেখা যায়।
২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










