দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হলো।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ অধিবেশন কক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরার পর সংসদ সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।
ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। শুক্রবার বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে সেই নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।










