মন্ত্রিসভায় পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আফরোজা খানমের স্থলাভিষিক্ত হচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি দিয়ে তাকে মন্ত্রী করা হচ্ছে এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।
বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। পাশাপাশি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে আব্দুল বারী শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নামও আলোচনায় এসেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও পরিবর্তনের আলোচনা রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আন্দালিব রহমান পার্থ।
মন্ত্রিসভার এই পুনর্বণ্টনের মধ্য দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্বে পরিবর্তন এসেছে। পাশাপাশি কয়েকজন নতুন মুখও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হয়েছেন।










