নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ২৩ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।
পুলিশের দেওয়া শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
এ ছাড়া কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে।
অনুমতিপত্রে আরও বলা হয়, কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত এলাকার বাইরে কাউকে মানববন্ধনে অংশ নিতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।










