সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক। অনেক চালকই আগে হেলপার ছিলেন, পরে যথাযথ প্রশিক্ষণ ছাড়াই চালকে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তাঁর মতে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অসচেতনতা ও অনিয়ন্ত্রিত গতি।
তিনি জানান, প্রতিবছর দেশে প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়কের পাশের হাসপাতালগুলোতে পৃথক ইউনিট গঠন এবং ১০ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এ সময় মন্ত্রী ২০২৭ সালের মধ্যে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের কথা জানান। পরে দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসাসেবায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি প্যাট্রোল মোটরসাইকেল উদ্বোধন করা হয়।










