তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো—নির্দিষ্ট পরিবারের জন্য বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ সরকার বহন করবে।
সোমবার (২৪ আগস্ট) বিধানসভায় দেওয়া ঘোষণায় বিজয় জানান, ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে বছরে তিনটি এলপিজি সিলিন্ডারের অর্থ ফেরত দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে।
প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসবে। প্রকল্প বাস্তবায়নে বছরে ৪ হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে বলে জানানো হয়েছে।
বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য রয়েছে—এমন পরিবারগুলো এ সুবিধা পাবে। প্রথমে গ্রাহককে নিজের অর্থে সিলিন্ডার কিনতে হবে। পরে কেনার প্রমাণপত্র জমা দিলে সংশ্লিষ্ট অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।
এ ছাড়া নারীদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুল বাসসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এ সুবিধা ব্যবহারে কোনো দৈনিক বা মাসিক সীমা থাকবে না।
অন্যদিকে, চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে পরন্দুরে নেওয়া প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছেন বিজয়। তাঁর দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিপুল কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকায় প্রভাব পড়ত।
চেন্নাইয়ের নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা স্বীকার করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয়—এমন বিকল্প স্থান খোঁজা হবে।
গ্যাসে আর্থিক সহায়তা, নারীদের গণপরিবহণে বাড়তি সুবিধা এবং কৃষিজমি রক্ষার সিদ্ধান্তকে বিজয় সরকারের গুরুত্বপূর্ণ জনমুখী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।










