ভঙ্গুর অবস্থায় পাওয়া দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তা পুনরুদ্ধারের কাজ চলছে। এ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি।”
তিনি জানান, সরকারের লক্ষ্য প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করা। এরপর ধীরে ধীরে অর্থনীতিতে গতি ফিরিয়ে বাংলাদেশকে প্রবৃদ্ধির নতুন পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
অর্থনৈতিক সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নতুন নীতিমালা প্রণয়ন ও বিভিন্ন প্রণোদনার উদ্যোগের সুফল ধীরে ধীরে পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসংস্থান বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতি ভালো দিকে যাবে।
শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করতে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের যুক্ত করার ক্ষেত্রে এটিকে দেশের প্রথম সরকারি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জন গবেষককে মোট ২৩ কোটি টাকা অর্থসহায়তা ও পুরস্কার দেওয়া হয়। গবেষণার ধরন অনুযায়ী প্রত্যেককে ৭০ লাখ থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে।










