চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত ২০ আগস্ট ঢাকার আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। সোমবার প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
সিআইডি জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্ত সংস্থার দাবি।
রিমান্ড আবেদনে ডনকে ‘সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করেছে সিআইডি। একই সঙ্গে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে তথ্য জানার জন্যও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
সালমান শাহ হত্যা মামলা
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিক সংস্থা মামলাটি তদন্ত করে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত ডনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।










