সব পক্ষের প্রস্তুতি নিশ্চিত করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেই হবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতি প্রয়োজন। “সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে,” বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, ভোটের সময় নির্ধারণ অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা ও পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত কিছু আইন ও বিধি সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে কত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব—এসব বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় কিছু পরামর্শও দেওয়া হয়েছে।
সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচন যেভাবে আয়োজন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।










