বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় শি জিনপিং বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিনন্দনবার্তায় চীনের প্রেসিডেন্ট দুই দেশকে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতা করে আসছে বাংলাদেশ ও চীন।
দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করেছে উল্লেখ করে শি জিনপিং বলেন, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষার মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি আগ্রহী।
এ ছাড়া উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট।
শি জিনপিং আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও গভীর ও দৃঢ় হবে এবং দুই দেশের সম্পর্কের অগ্রগতির সুফল উভয় দেশের জনগণ আরও ভালোভাবে ভোগ করতে পারবেন।










