বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কোনোভাবেই তা বরদাশত করা হবে না।
বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে কাজ করায় সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রিজভী বলেন, হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও দলটি সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর থাকবে। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের ভালো সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন রিজভী।










