ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হচ্ছে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।
চিফ হুইপ জানান, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের হতে পারে। এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাব অনুযায়ী, বাবা-মা জীবদ্দশায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তাঁরা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বজায় রাখতে পারবেন। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজকের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রম রয়েছে।
চিফ হুইপ বলেন, জনগণ নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ভোট দিয়ে সরকারের ওপর আস্থা রেখেছেন। দেশের স্বার্থে প্রয়োজন অনুযায়ী নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে সংশোধন আনা হবে।
এদিকে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ছোট দল থেকেও সদস্য রাখার পরিকল্পনা রয়েছে। বিরোধী দল সদস্যদের নাম দিলে তাঁদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংশোধন গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।










