-নিজের গুম ও দীর্ঘ বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০১৫ সালে অপহরণের পর ৬১ দিন অজ্ঞাত স্থানে বন্দি থাকা এবং পরবর্তী সময়ে ভারতের মেঘালয়ে প্রায় ৯ বছর নির্বাসিত জীবনের নানা দুঃসহ স্মৃতি তিনি তুলে ধরেন।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার প্রতিপাদ্য ছিল—‘নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা তাদের সন্ধান পেতে চাই আইন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবাধিকার।’
বক্তব্যের একপর্যায়ে ভারতে মানসিক হাসপাতালে কাটানো সময়ের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশের মাটিতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মারা যেতে পারেন—এমন ভয়ও তার মনে তৈরি হয়েছিল। এমনকি তার পরিবার তার কবর পর্যন্ত দেখতে পারবে না বলেও আশঙ্কা করেছিলেন তিনি।
বাংলাদেশে বন্দিত্বের সময়ের বর্ণনা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়ার পর তাকে প্রায় আট ফুট বাই চার ফুটের একটি অন্ধকার ও সংকীর্ণ কক্ষে ৬১ দিন আটকে রাখা হয়। সেখানে ছিল একটি পানির কল এবং শৌচকার্যের জন্য নর্দমার সঙ্গে যুক্ত একটি সরু ছিদ্র। প্রচণ্ড গরমের মধ্যেও পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা ছিল না। একটি কম্বল ও বালিশই ছিল তার শোবার একমাত্র সম্বল।
তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরও বন্দিদশায় কোনো চিকিৎসা পাননি। অসুস্থ হয়ে পড়লে চোখ বেঁধে তাকে অন্য একটি স্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরবর্তীতে চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে মাইক্রোবাস ও জিপে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ যাত্রার পর ভারতের মেঘালয়ের একটি পাহাড়ি এলাকায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। বিলবোর্ড দেখে তিনি বুঝতে পারেন, জায়গাটি ভারতের শিলং।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে মানসিক ভারসাম্যহীন সন্দেহে তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে অন্য রোগীদের সঙ্গে রাখা, ওষুধ খাওয়ানো এবং তার চশমা কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটে বলে জানান তিনি।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে শিলংয়ের নিম্ন আদালত এবং ২০২৩ সালে আপিল আদালত তাকে খালাস দেন। ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রায় ৯ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
নিজের দেশে ফেরার প্রসঙ্গে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান হওয়ার কারণেই তিনি ভারত থেকে দেশে ফিরতে পেরেছেন।
৬১ দিনের বন্দিত্বের স্মৃতি বলতে গিয়ে আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী
Keep Reading
Add A Comment
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত










