গত ১৭ বছরে দেশের জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার দাবি, বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের অনেকে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন এবং পাচার করা অর্থ ভোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে চলা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের মানুষ এখন সংকটের মধ্যে পড়েছেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব অনিয়মের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে এবং বর্তমানে সাধারণ মানুষ জ্বালানি সংকটের চাপ অনুভব করছেন।
তিনি বলেন, ‘দেশের জনগণ আজ জ্বালানি সংকটে ভুগছে। অথচ এই খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।’
শামা ওবায়েদ আরও অভিযোগ করেন, মাঝখানে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে সংকট আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। দলের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে জীবন দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও তিনি কৃষি, শিল্প, মৎস্য, প্রবাসী আয় ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়া রাজপথে নেমে মানুষকে সংগঠিত করেছিলেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে শামা ওবায়েদ দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে বলে দাবি করেন তিনি।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও প্রবাসীদের ওপর এর প্রভাব নিয়ে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে, ধৈর্য ধারণ করলে এবং সততার সঙ্গে কাজ করলে দেশের বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
জনসভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।










