চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আবদুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী মোজাম্মেল হকের সঙ্গে আবদুল মান্নানের ঝগড়া হয়। ওই ঘটনার পর থেকেই দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে পুরোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের শান্ত করেন।
এরপর রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশে ফিরছিলেন আবদুল মান্নান। অভিযোগ রয়েছে, এ সময় পথের মধ্যে আগে থেকে ওত পেতে থাকা মোজাম্মেল হক তার ওপর হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আহত অবস্থায় আবদুল মান্নানের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তখন তিনি স্থানীয়দের জানান, রাতের আঁধারে মোজাম্মেল হক তাকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।










