দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রিজভী।
চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু সরকারের কারণে সৃষ্টি হয়নি। এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্প ও কলকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তাই শিগগিরই দেশের গ্যাস সংকটেরও নিরসন হবে বলে তিনি আশা করছেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন তিনি।
এলএনজি আমদানির প্রসঙ্গে রিজভী জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, গত ছয় মাসে সারাদেশে তিন কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে। তবে শুধু বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়। নদী-নালা, খাল-বিলসহ জলাধারগুলো দূষণমুক্ত ও সংরক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।










