বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়া কাঠবোঝাই ট্রাক মেরামতের সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ট্রাকের চালক ও সহযোগীরা সড়কের ওপর দাঁড়িয়ে সেটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় তিন ব্যক্তি ট্রাকটির আশপাশে অবস্থান করছিলেন।
রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক মেরামতের কাজে থাকা তিন ব্যক্তি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেন ও হানজালাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকল ট্রাক মেরামতের সময় একটি গাড়ির ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী যানটি শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।










